নবাবগঞ্জে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অনুমোদন ছাড়াই বালু উত্তোলন ও ট্রাক্টরে করে পরিবহনের অভিযোগ উঠেছে। উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ এলাকায় প্রকাশ্যে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ফারাইজুল ইসলামের সংশ্লিষ্টতায় কাচদহ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি বালুবাহী যানবাহনের চলাচলে স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।সরেজমিনে কাচদহ এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি স্থানে মাটি খুঁড়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে উত্তোলন করা বালু ট্রাক্টরে করে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।গ্রী এসি শোরুম ঢাকা বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দামস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন ও পরিবহন চললেও প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান স্থানীয়রা। বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তায় প্রচুর ধুলাবালি উড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়িঘরের দরজা-জানালা খোলা কঠিন হয়ে পড়েছে।তাঁরা আরও বলেন, প্রকাশ্যে বালু উত্তোলন ও পরিবহন চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই। দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।তবে বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে মো. ফারাইজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।